জাপানে স্কুলশিক্ষার্থীদের আত্মহত্যার হিড়িক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৫:৩৮ পিএম
জাপানে স্কুলশিক্ষার্থীদের আত্মহত্যার হিড়িক

২০২০ শিক্ষাবর্ষে জাপানে স্কুলশিক্ষার্থীদের আত্মহত্যার হার নতুন রেকর্ড গড়েছে। এক বছরে ৬ থেকে ১৮ বছর বয়সী ৪১৫ জন আত্মহত্যা করেছে দেশটিতে।

১৯৭৪ সালে জাপানে আত্মহত্যার পরিসংখ্যান শুরু পর থেকে এটি সর্বোচ্চ আত্মহত্যার হার। স্থানীয় সময় বুধবার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, আত্মহত্যার পেছনে অনেক কারণ শনাক্ত করা হয়েছে। পারিবারিক সমস্যা, স্কুলের খারাপ ফলাফল, অন্যান্য শিশুদের সঙ্গে সম্পর্ক ও অসুস্থতার কারণে অনেকেই আত্মহত্যা করে। তবে অর্ধেকের বেশি আত্মহত্যার কারণ জানা যায়নি।

এনএইচকে জানায়, আগের শিক্ষাবর্ষের তুলনায় এই সংখ্যা শতকরা ৩১ ভাগ বেশি। ২০১৯ সালে দেশটিতে ৩১৭ জন স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করে। এছাড়া সিএনএন জানায়, গত বছর ১ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ৩০ দিনের বেশি সময় ধরে স্কুলে অনুপস্থিত ছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি।

জাপানের লজ্জা ও অসম্মানের কারণে আত্মহত্যা করা একটি নিয়মিত ঘটনা। উন্নত দেশগুলোর মধ্যে প্রায় সময় আত্মহত্যার হারে শীর্ষে অবস্থান করে দেশটি।

গত ১৫ বছরের চেষ্টায় আত্মহত্যার হার প্রায় ৪০ শতাংশ কমেছে। তবে মহামারি শুরুর পর দেশটিতে আত্মহত্যার প্রবণতা আবারও বেড়েছে।

Link copied!