পাকিস্তানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. কাদির খান (৮৫) মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) ইসলামাবাদের একটি হাসপাতালের মৃত্যু হয় পাকিস্তানের পারমাণবিক বোমার জনকের।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন বিষয়টি নিশ্চিত করে জানায়, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন ড. কাদির খান।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দ্য ডন জানায়, শারীরিকভাবে অসুস্থ আবদুল কাদির খান স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার ভোরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়।
ড. আবদুল কাদির খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় পারভেজ খাত্তাক বলেন, “তার অবদানকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে পাকিস্তান! আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে মূল্যবান অবদানের জন্য পাকিস্তানি জাতি তার কাছে চিরঋণী।”
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এএপি) জানায়, আগস্ট মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ড. আবদুল কাদির খান। এরপর গত ২৬ আগস্ট তিনি রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ড. কাদির খানের জন্ম বর্তমান ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, ১৯৩৬ সালে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সাথে তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক হিসেবে কাদির খান পাকিস্তানিদের কাছে জাতীয় বীর হিসেবে পরিচিত।







































