নির্বাচনী প্রচারে অবৈধ অর্থায়নের অভিযোগে দায়ের করা মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১২ সালের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার লক্ষ্যে ব্যাপক প্রচার চালানোর পরেও ভোটের লড়াইয়ে হেরে যান সারকোজি। অবৈধ অর্থায়নের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলা এটি। আগের মামলার রায়েও কারাদণ্ডের সাজা পান তিনি।
৬৬ বছর বয়সী সারকোজি চাইলে নিজ বাড়িতে গৃহবন্দী থেকেও কারাদণ্ডের সাজা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে তার গতিবিধির ওপর নজর রাখতে পায়ে ইলেকট্রনিক ব্রেসলেট পড়ানো হতে পারে।
গার্ডিয়ান জানায়, পরপর দুই মামলার রায়ে কারাদণ্ডের সাজা পেয়ে বিপাকে পড়েছেন এই ডানপন্থী ফরাসি রাজনীতিবিদ। মার্চে ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট হিসেবে কোন মামলার রায়ে কারাদণ্ডের সাজা পান নিকোলা সারকোজি।
যদিও আগের রায়ের বিরুদ্ধে আপিল করায় এখনো সাজা পাননি তিনি। এছাড়াও বৃহস্পতিবারের রায়ের বিরুদ্ধেও সাবেক প্রেসিডেন্ট আপিল করবেন বলে জানান তার আইনজীবী। অবৈধ অর্থায়নের দুটি অভিযোগই অস্বীকার করেছেন সারকোজি।







































