পাকিস্তানে পর্যটকবাহী বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে নারী, শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার থালিচির কাছে কারাকোরাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৭ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
দ্য নিউজের একটি সূত্র জানিয়েছে, দ্রুতগতির কারণে ট্যুরিস্ট কোস্টারটি রাস্তা থেকে ছিটকে পড়ে। নিহত পর্যটকদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
রোববার দিয়ামের জেলার থালিচি এলাকায় কারাকোরাম হাইওয়েতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
একইসঙ্গে আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।



































