জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনে সহসভাপতি হিসেবে থাকছে বাংলাদেশ।
বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশন শুরু হয়। এ সময় প্রেসিডেন্ট আবদুল্লা শহিদের হাতে গ্যাভেল বা শৃঙ্খলার প্রতীক হাতুড়ি তুলে দেন ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বজকির।
অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা মহামারি বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে। এই মহামারি কোটি কোটি মানুষকে ভয়াবহ দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। বৈষম্য আরও প্রকট হয়েছে।”
বিদায়ী প্রেসিডেন্ট ভলকান বজকির প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, “এই দুর্যোগময় কঠিন সময়ে বজকির দৃঢ় নেতৃত্ব দিয়েছেন।”
এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। বাংলাদেশ ছাড়া এ অঞ্চল থেকে জাতিসংঘ অধিবেশনে সহসভাপতি হিসেবে রয়েছে কুয়েত, লাওস ও ফিলিপাইন।
জাতিসংঘ সনদ অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়াবলিতে পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতিনির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে।
২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনেও সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ।


































