জাপানের সতর্কবার্তা

ছয় দেশে সম্ভাব্য হামলার আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:৫১ পিএম
ছয় দেশে সম্ভাব্য হামলার আশঙ্কা

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে আত্মঘাতী হামলার আশঙ্কা করছে জাপান। স্থানীয় সময় সোমবার হামলার ব্যাপারে এসব দেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশেষ করে নাগরিকদের ধর্মীয় উপাসনালয় ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় ৬ দেশে সম্ভাব্য “আত্মঘাতী বোমা হামলার” তথ্য পেয়েছেন তারা।

এমন অবস্থায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে অবস্থানরত জাপানি নাগরিকদের সতর্ক করেছে প্রশাসন।

তবে এসব দেশের কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে এ ধরনের হামলার আশঙ্কা নিয়ে কোন তথ্য নেই। এছাড়াও জাপানের তথ্যের উৎস সম্পর্কেও কিছু জানে না তারা। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার আশঙ্কার ব্যাপারে কিছু জানাতে পারেনি।

সংক্ষিপ্ত নির্দেশনায় জাপান সরকার নাগরিকদের স্থানীয় খবর ও তথ্যের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও হামলা এড়াতে ‘আপাতত’ সাবধানতা অবলম্বন করতে আহ্বান করেছে কর্তৃপক্ষ। তবে হামলার কোন নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

বার্তা সংস্থা এপি জানায়, সম্ভাব্য এসব হামলার তথ্যের উৎস জানাতেও অস্বীকার করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!