ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানের ইরবিল বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল-জাজিরা জানায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এই বিমানবন্দর।
কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত বছর থেকেই ইরবিল বিমানবন্দরে এ ধরনের হামলা হচ্ছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিল। জঙ্গিবিরোধী অভিযানে মার্কিন জোটের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এই অঞ্চল। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের কাছে দুইটি ড্রোন থেকে নিক্ষেপিত তিনটি রকেট আঘাত হানে। এসময় সেখানে মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। হামলার পর বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
কুর্দিস্তানের সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান লক গাফুরি এক টুইটে জানান, কুর্দি নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত করছে।
































