ইকুয়েডরে বন্দি স্থানান্তরের পথে হামলা, নিহত ৫ পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৬:০০ পিএম
ইকুয়েডরে বন্দি স্থানান্তরের পথে হামলা, নিহত ৫ পুলিশ

বন্দি স্থানান্তরের সময় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় ইকুয়েডরে নিহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় দুটি প্রদেশে জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।

রয়টার্স জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় মাদক চোরাচালানকারী দলগুলো। গুয়াস ও এসমেরালদাসেতে চালানো হামলায় রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই প্রদেশে ৯টি বিস্ফোরণ হয়েছে বলে জানায় পুলিশ।  

কর্মকর্তারা বলছেন, জনবহুল ও সহিংস গুয়ান-১ কারাগার থেকে বন্দি স্থানান্তর করার প্রতিক্রিয়ায় এ হামলা চালায় অপরাধীরা। ইকুয়েডরের জেলগুলোতে সহিংসতা কয়েক দশকের সমস্যা। ২০২১ সালের পর জেল সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ বন্দি।

জেলে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে এবং জনাকীর্ণ অবস্থার উন্নতি ঘটাতে এই বন্দি স্থানান্তরের চেষ্টা করছে ইকুয়েডর সরকার।

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরকে ড্রাগ ট্রানজিটের অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপ ও আমেরিকা এসব ড্রাগের মূল গন্তব্য।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০২১ সালে ২১০ টন মাদক জব্দ করেছে। এর অধিকাংশই কোকেন। চলতি বছর এ পর্যন্ত মাদক জব্দের পরিমাণ ১৬০ টন।

Link copied!