পাকিস্তানে কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে নানা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।
উদ্ধারকর্মীরা বলছেন, বন্যাদুর্গত অনেকেই এখন খাবার ও আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। তবে তাদের জন্য পরিষ্কার পানির কোন উৎস নেই। বন্যার্তদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দাতব্য চিকিৎসা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস।
বিবিসির তথ্যমতে, বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে গেছে। বন্যায় আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে অন্তত একজন শিশু বলে জানা গেছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, বিশুদ্ধ পানির স্বল্পতার কারণে পাকিস্তানে রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। ইউনিসেফের আবদুল্লাহ ফাদিল বলেন, “বন্যার কারণে এখন পানিবাহিত, রোগ দ্রুত ছড়াবে। ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। অনেক শিশুর মৃত্যুঝুঁকি রয়েছে।”
গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান। এরই মাঝে বন্যায় অন্তত এক হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্যায় দেশের প্রায় অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে। গুরুতর খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে অসংখ্য মানুষ। এরই মাঝে রোগের প্রাদুর্ভাব দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে।























