একটি ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০১:৪২ পিএম
একটি ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা

ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। জানিয়েছেন, সেই ফোন আসার পরেই আলোচনা লক্ষ্যভ্রষ্ট হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে আলোচনা চলাকালীন হঠাৎই ফোন করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরেই দু’পক্ষের সমঝোতার সমস্ত পথ বন্ধ হয়ে যায়!
কেন ফোন করেছিলেন নেতানিয়াহু? ঠিক কী বলেছিলেন তিনি ভান্সকে? সে সব অবশ্য খোলসা করেননি আরাঘচি। তিনি বলেছেন, ‘‘বৈঠক চলাকালীন ভান্সকে নেতানিয়াহুর ফোন আলোচনার লক্ষ্যকেই ঘুরিয়ে দিল। আমেরিকা-ইরানের সমঝোতার চেয়ে ইজ়রায়েলের স্বার্থ বেশি জরুরি হয়ে পড়ল।’’ তিনি আরও বলেন, ‘‘আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা পায়নি, তা সমঝোতার টেবিলে পাওয়ার চেষ্টা করছিল। তাই আলোচনা ব্যর্থ হয়েছে।’’
হাঙ্গেরিতে ট্রাম্প–পুতিনের বন্ধু অরবানের ভরাডুবি, বিজয়ের পথে পিটার মাজিয়ার
উল্লেখ্য, বৈঠক চলাকালীন ছয় থেকে ১২ বার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভান্সদের। ভান্স নিজেই সে কথা জানিয়েছেন। ফোন করা হয়েছিল মার্কো রুবিয়ো, পিট হেগসেথ, স্কট বেসেন্টদের মতো মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথার বিষয়ে ভান্স মুখ খোলেননি। আরাঘচির এই দাবির পরও আমেরিকা নীরব। তাদের তরফে বা ইজ়রায়েলের তরফে আরাঘচির দাবি স্বীকার করা হয়নি। আবার উড়িয়েও দেওয়া হয়নি।
ট্রাম্প জানিয়েছেন, একাধিক বিষয়ে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সম্মত হয়েছিলেন। আলোচনা সফল হওয়ার পথেই এগোচ্ছিল। কিন্তু একটি বিষয়ই ‘কাঁটা’ হয়ে দাঁড়ায়। ইরান কোনও ভাবেই পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা থেকে সরে আসতে রাজি হয়নি বলে দাবি করেন ট্রাম্প। সে বিষয়ে তারা অনমনীয় ছিল। তার ফলে আমেরিকার পক্ষেও সমঝোতায় এগোনো সম্ভব হয়নি। ইরান অবশ্য দাবি করেছে, আমেরিকার ‘অযৌক্তিক’ দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে।
অন্য দিকে, পাকিস্তানে সমঝোতার আলোচনা ব্যর্থ হওয়ার পরেই হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, সোমবার রাত ৮টা (বাংলাদেশ সময়) থেকে এই প্রণালীতে যাতায়াতকারী জাহাজগুলিকে আটকে দেবে আমেরিকা। ইরানকে শুল্ক দিয়ে কেউ এই জলপথ ব্যবহার করতে পারবে না। ফলে সন্ধ্যার পর থেকে যুদ্ধের পারদ নতুন করে চড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
সূত্র: আনন্দবাজার

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!