সুস্থ থাকতে রাতে অন্তত ৬-৮ ঘণ্টার ঘুম প্রয়োজন। অনিয়ম, মানসিক চাপসহ বিভিন্ন কারণে রাতে ঘুমের সমস্যা হয়। এমনকি অনেক সময় খাদ্যাভ্যাসের কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে। এক্ষেত্রে মনে রাখবেন রাতে খুব বেশি পরিমাণে খাবার খাওয়া উচিত নয়। পাশাপাশি রাতের খাবারে এমন কিছু রাখা উচিত যা সহজে হজম হয়ে যায়।
আজকের আয়োজনে আমরা জেনে নেবো রাতে খাওয়া উচিত নয় এমন কিছু খাবার সম্পর্কে।
কফি
রাতে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে কফি পান এড়িয়ে চলুন। কফিতে থাকা ক্যাফেইন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। যার প্রভাব ৮ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই রাতে কফি পান করলে ঘুমের সমস্যা হয়।
ডার্ক চকলেট
রাতে ঘুমের আগে ডার্ক চকলেট খেলে ঘুমের সমস্যা হতে পারে। ডার্ক চকলেটে ক্যাফেইন ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই দুটি উপাদান ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে ডার্ক চকলেট এড়িয়ে চলুন।
অ্যালকোহল
অ্যালকোহল ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমের আগে মদ্যপান করলে সারারাত জেগে থাকার সম্ভাবনা থাকে। কাজেই অ্যালকোহল এড়িয়ে চলুন।
আইসক্রিম
রাতে ঘুমানোর আগে আইসক্রিম খাবেন না। এটি অনিদ্রা ও বদহজমের কারণ হতে পারে। আইসক্রিমে থাকা চিনি ঘুম নষ্ট করে। এতে প্রচুর ফ্যাট থাকে, যা হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
অতিরিক্ত ঝাল খাবার
অতিরিক্ত ঝাল ও তেল মসলাযুক্ত খাবার সহজে হজম হতে চায় না। তাই রাতে এ ধরনের খাবার খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
লাল মাংস
প্রাণীজ প্রোটিন বা লাল মাংস রাতে না খাওয়াই ভালো। কারণ গরু ও খাসির মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে। এ ধরনের খাবার শরীরে অস্বস্তি বাড়ায়। তাছাড়া উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য লাল মাংস আরও ভয়াবহ।
পনির
পনিরের আধিক্য রয়েছে এমন খাবার রাতে রাখা উচিত নয়। কারণ প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে পনির সহজে হজম হতে চায় না।
চিপস
রাতে ঘুমানোর আগে খিদে পেলে অনেকেই ঝটপট এক প্যাকেট চিপস শেষ করে ফেলেন। তবে নিরবিচ্ছন্ন ঘুম চাইলে ভুলেও চিপস খাবেন না। কারণ চিপস সহজে হজম হয় না। আর চিপসের মতো প্রক্রিয়াজাত খাবারে থাকে গ্লুটামেট যা ঘুমে বিঘ্ন ঘটায়।
চা
সাধারণত চা পানের সামগ্রিকভাবে খারাপ প্রভাব নেই। চা স্ট্রেস কমিয়ে ভালো ঘুম আনতে সহায়ক। তবে আপনি কোন ধরনের চা পান করছেন এবং কতটুকু পরিমাণে পান করছেন তা অবশ্যই ভালো ঘুমের উপর প্রভাব ফেলবে। তাই ঘুমানোর আগে চা পানের ক্ষেত্রে সতর্ক থাকুন।
মিষ্টি
ঘুমানোর আগে মিষ্টি একদম খাবেন না। মিষ্টি জাতীয় খাবারে প্রচুর ক্যালোরি থাকে। যা আপনাকে মুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার নিরবিচ্ছিন্ন ঘুমেও বাধা দেয়।
জাঙ্ক ফুড
পিৎজা, বার্গারের মতো জাঙ্ক ফুড ঘুমের সমস্যা করে। ঘুমানোর আগে চর্বিযুক্ত এসব খাবার খেলে ওজন তো বাড়বেই, সঙ্গে বুক জ্বালাও করবে। অ্যাসিডিটির মতো সমস্যা ঘুমের মধ্যেও আপনাকে অস্বস্তিতে ফেলবে। এমনকি পরদিন সকালেও এই সমস্যা আপনাকে ভোগাতে পারে।







































