ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খান অভিনীত ‘রকস্টার’। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের প্রশংসা কুড়ানোর পর এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। ২৩ জুলাই রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপ ও Chorki.net–এ মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমাটি।
ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে। নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া।’
সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘নানা কারণে অনেকেই সিনেমা হলে “রকস্টার” দেখতে পারেননি। তাঁরা এখন ঘরে বসে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখতে পারবেন। দর্শকেরা চাইলে তাঁদের পছন্দের মুহূর্তগুলো বারবার উপভোগ করার সুযোগও পাবেন।’
ঈদুল আজহায় মুক্তির পর ‘রকস্টার’ দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, যা ছিল ঈদের সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ। মাল্টিপ্লেক্স ও একক—দুই ধরনের প্রেক্ষাগৃহেই সিনেমাটি ভালো সাড়া ফেলে। শাকিব খানের সংগীতশিল্পীর চরিত্র, গানের পরিবেশনা এবং ‘আগুন’ ও ‘আসলাম’-এর বন্ধুত্বের গল্প দর্শকের প্রশংসা কুড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটির বিভিন্ন দৃশ্য ও সংলাপ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
টিজার প্রকাশের পর থেকেই ‘রকস্টার’–এ শাকিব খানের বৈচিত্র্যময় লুক নেটিজেনদের মধ্যে উন্মাদনা তৈরি করে। দীর্ঘদিন পর তাঁকে প্রচলিত অ্যাকশন হিরো নয়; বরং একজন সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে দেখে আগ্রহী হয়ে ওঠেন ভক্ত–দর্শকেরা।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে একটি ভালো কনটেন্টকে সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। সেই ধারাবাহিকতায় “রকস্টার”–এর সঙ্গে চরকির যুক্ত হওয়া। আর কিছুদিন পর দেশ–বিদেশের দর্শকেরা ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন। আশা করি, তাঁরা সিনেমাটি উপভোগ করবেন।’
সিনেমাটিতে ‘মীরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির।
পরিচালক আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতশিল্পী জীবনের স্মৃতি থেকে তিনি ‘রকস্টার’–এর গল্প নির্মাণ করেছেন। সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার হিসেবে নয়; বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও স্বপ্নের গল্পে তুলে ধরা হয়েছে। এই চরিত্রের জন্য নিজের ওজনও কমিয়েছিলেন অভিনেতা।
নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত ‘রকস্টার’–এ রয়েছে একাধিক গান। সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। তিনি নিজেই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নীরব।
আজমান রুশো পরিচালিত সেনসেশন প্রেজেন্টস ‘রকস্টার’ সিনেমাটি নিবেদন করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
এসেছে নতুন গান
ওটিটিতে মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়েছে সিনেমাটির অন্যতম গান ‘উড়ে যাব আকাশ পেলে’। জাহিদ নীরবের সংগীত পরিচালনায়, আহমেদ হাসান সানির কথা, সুর ও কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছে চরকির ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি চরকি মিউজিক চ্যানেলেও।







































