মাইকেল জ্যাকসনের গান নিয়ে ওয়ারফেজের কনসার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১২:০৭ এএম
মাইকেল জ্যাকসনের গান নিয়ে ওয়ারফেজের কনসার্ট

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক বিশ্বব্যাপী ঝড় তুলেছে। ‘মাইকেল’ উন্মাদনার হাওয়া ছড়িয়েছে বাংলাদেশেও। বড় পর্দায় সিনেমাটি দেখেছেন অনেক দর্শক। এবার মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু গানের লাইভ পরিবেশনা উপভোগের সুযোগ আসছে! আগামী ২ জুলাই ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্টে মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানাবে ওয়ারফেজ ব্যান্ড। মাইকেল জ্যাকসনের ১০-১২টি গান পরিবেশন করবেন তারা। শুধু মাইকেল জ্যাকসনের গান নিয়ে দেশীয় কোনো রক ব্যান্ডের এমন ট্রিবিউট খুব একটা দেখা যায়নি। ফলে দর্শক-শ্রোতাদের মধ্যে এ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ওয়ারফেজের ড্রামার ও প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু আগামীর সময়কে বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের গান পরিবেশন করে আসছি আমরা। এবার বড় পরিসরে তার লিগ্যাসি উপস্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করেছি। আমাদের চাওয়া, নতুন প্রজন্মের মধ্যে মাইকেল জ্যাকসনের গান ও লিগ্যাসি নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হোক।’

টিপুর আশা, ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ কনসার্ট ওয়ারফেজের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ, বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পী মাইকেল জ্যাকসনের গানের পাশাপাশি নিজেদের জনপ্রিয় গান পরিবেশন করবেন তারা। পাশাপাশি চমক হিসেবে কয়েকজন অতিথিশিল্পীকে মঞ্চে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ আয়োজিত এই কনসার্টের টিকিট শিগগির অনলাইনে পাওয়া যাবে। টিকিট বিক্রি হবে গেট সেট রক প্ল্যাটফর্মে।
এদিকে চার দশকের বেশি সময় পেরিয়ে এসেছে ওয়ারফেজ। ‘বসে আছি’, ‘অবাক ভালোবাসা’, ‘যেতে পারি কিন্তু কেন যাব’, ‘পথচলা’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুবাদে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছে ব্যান্ডটি।

গত ৬ জুন ৪২ বছরে পদার্পণ করেছে ওয়ারফেজ। এ উপলক্ষে নতুন গান প্রকাশ, বিশেষ কনসার্ট এবং আন্তর্জাতিক সংগীত সফরসহ বেশকিছু পরিকল্পনা করেছেন এর সদস্যরা।

টিপু জানিয়েছেন, চলতি মাসেই প্রকাশ হতে পারে তাদের নতুন দুটি গান। এর মধ্যে রয়েছে ওয়ারফেজের জনপ্রিয় অ্যালবাম ‘জীবনধারা’র বহুল শ্রোতাপ্রিয় গান ‘ক্রমশ’-এর নতুন সংস্করণ। ১৯৯৬ সালে প্রকাশিত গানটি নতুন সংগীতায়োজন ও আধুনিক সাউন্ড ডিজাইনের মাধ্যমে আবারও শ্রোতাদের সামনে আনা হচ্ছে। এ ছাড়া একটি নতুন চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কাজ করেছে ওয়ারফেজ। এর কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। যদিও সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে নারাজ ব্যান্ডটি।

অন্যদিকে দেশের বাইরে থাকা ওয়ারফেজ ভক্তদের জন্য রয়েছে সুখবর। টিপু জানিয়েছেন, কয়েকটি দেশ থেকে কনসার্ট করার আমন্ত্রণ এসেছে। বর্তমানে বিদেশ ট্যুরের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। প্রয়োজনীয় ভিসা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে শিগগির আন্তর্জাতিক মঞ্চে যাবে ব্যান্ডটি।

ওয়ারফেজের বর্তমান লাইনআপ: শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।

Link copied!