সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:২৯ পিএম
সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত

ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ নারী দল। আজ দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। তাতে ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। সর্বশেষ ২০১৬ আসরের শিরোপা মঞ্চে খেলেছিল দুই দল।

ভারতের গোয়ায় চলমান এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ইতিহাসের অষ্টম আসর। সর্বশেষ দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল নেপালকে হারিয়ে। তার আগে প্রথম পাঁচ আসরেই শিরোপা জিতেছিল ভারত। যার মধ্যে ছিল ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়।


হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে যাওয়া বাংলাদেশ দল এবার গ্রুপ পর্বেই স্বাগতিকদের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে পিটার বাটলারের দল হেরেছিল ৩-০ গোলে। তবে গ্রুপের অপর দল মালদ্বীপ তিন ম্যাচেই হেরে যাওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশও সেমিফাইনালে জায়গা করে।

আজ প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে শুরুতে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর রাতে অন্য সেমিফাইনালে সানফিদা ননগ্রুমের (৫৮) একমাত্র গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

আগামী ৫ জুন জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিরোপা মঞ্চে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

Link copied!