আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টালিউডে বইছে নতুন সিনেমা মুক্তির আমেজ। সেই আমেজকে দ্বিগুণ করতে এবার পুজায় প্রেক্ষাগৃহে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
এই সিনেমায় প্রথমবারের মতো অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ছবিটির জোর প্রচারণা চালানোর পাশাপাশি সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হবেন, এমন প্রশ্নের জবাবে মিমি জানান, তার পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। মিমি বলেছেন, ‘সে যেন আমার খুব ভালো বন্ধু হয়, আনন্দপ্রিয় হয়। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, সেও যেন ভ্রমণ ভালোবাসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন আমার পোষ্যদের খুব ভালোবাসে।’
নিজের বিয়ে প্রসঙ্গে মজার ছলে এই অভিনেত্রী আরও যোগ করেন যে, অন্যদের বিয়ের দাওয়াত খেতে তার দারুণ লাগে, বিশেষ করে মেন্যুতে নিরামিষ পদ বেশি থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। তবে নিজের বিয়ে নিয়ে আপাতত বাড়তি কোনো চিন্তা নেই, যখন সময় আসবে, তখনই তা দেখা যাবে।
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চলচ্চিত্রে ‘সুমিত্রা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিমি। সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটিই মিমির প্রথম কাজ।
চরিত্রটিতে নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, সুমিত্রা চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালক তাকে বহু আলোচিত মেগা ধারাবাহিক ‘গানের ওপারে’র জনপ্রিয় চরিত্র ‘পুপে’র রেফারেন্স দিয়েছিলেন।
পুজাকে সামনে রেখে আবীর-মিমি জুটি এবং সৃজিতের পরিচালনার এই নতুন সমীকরণ ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।














