বলিউডের অন্যতম পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জানালেন এক খুশির খবর। প্রথম সন্তানের মুখ দেখার এক বছরের মাথায় এবার দ্বিতীয় সন্তান আসতে চলেছে এ তারকা দম্পতির ঘরে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন যৌথ বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে এ খুশির খবরটি ভাগ করে নেন সিড-কিয়ারা।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই সুন্দর ছবিটিতে দেখা যায়, সিদ্ধার্থ ও কিয়ারার হাতের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের এক বছর বয়সী কন্যাসন্তানের হাত, আর সেই ছোট্ট হাতে ধরা একজোড়া খুদে মোজা।
ক্যাপশনে তারা লিখেছেন, ‘জীবন আমাদের আবারও সবচেয়ে বড় উপহার দিয়ে আশীর্বাদপুষ্ট করল। আমাদের হৃদয় আজ ভালোবাসা ও অফুরন্ত কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’ পোস্টটি সামনে আসার পর থেকেই করণ জোহর, কারিনা কাপুরসহ বলি পাড়ার তারকা ও ভক্তদের শুভেচ্ছাবাণীতে ভাসছেন এ দম্পতি।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। আগস্টে সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা আগেই জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এমনকি গর্ভাবস্থায় বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে বেবি বাম্প নিয়ে হেটে তাক লাগিয়ে দিয়েছিলেন কিয়ারা।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘শেরশাহ’-এর শুটিং সেট থেকে শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প। দীর্ঘদিন প্রেম গোপন রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
পরে কিয়ারা ভারতীয় জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ ফাঁস করেছেন যে, ইতালির রোমে ছুটির দিনে একদম ‘শেরশাহ’ সিনেমার ডায়ালগ বলেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ।
বিয়ের দুই বছর এবং চার বছরের প্রেমের সম্পর্কের পর আবারও এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি। তারকা জুটির এ খুশির খবরে উচ্ছ্বসিত পুরো বলিউড।



















