ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে দুটি বাসে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ অঞ্চলের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন।
বিবিসির গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রামাতোরস্ক এলাকার অন্তর্ভুক্ত বিলেনকে গ্রামেও তিনজন নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের প্রধান ভাদিম ফিলাশকিন আরও ১৮ জনের আহতের কথা জানিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন, যথাসম্ভব বেশিসংখ্যক বেসামরিক নাগরিক হত্যার উদ্দেশ্যে যাত্রী বহনকারী বাসগুলোকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, ‘এ হামলার জবাব আমরা অবশ্যই দেব।’
তিনি আরও বলেছেন, ‘রাশিয়া দনবাসের সব জীবন ধ্বংস করার চেষ্টা করছে এবং বিশ্বকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে হবে। কঠোর প্রতিক্রিয়া, ঠিক যেমনটি রাশিয়ার প্রাপ্য তাদের ঘটানো সব মৃত্যুর জন্য।’
ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল এই হামলাকে অভিহিত করেছে ‘সাধারণ মানুষের বিরুদ্ধে রুশ সেনাবাহিনীর সংঘটিত এক ভয়াবহ অপরাধ’ হিসেবে। তবে সর্বশেষ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।














