অল্প বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০১:০০ পিএম
অল্প বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে এবার তাঁর কোনো সিনেমা নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় এই অভিনেতা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে নবাগতা অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। বরাবরের মতোই সরাসরি মন্তব্য করে তিনি জানিয়েছেন, স্বামীর সাম্প্রতিক কর্মকাণ্ড তার ভালো লাগছে না।

পাপারাজ্জিদের ক্যামেরায় গোবিন্দ ও কোমলকে একসঙ্গে ধরা পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সুনীতার কাছে জানতে চাওয়া হলে তিনি ছবির প্রচার প্রসঙ্গেও কটাক্ষ করেন। সুনীতা বলেছেন, ‘আগে তো ছবি তৈরি হোক! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়া... এখন আমি আর কী বলব?’

এরপর গোবিন্দ ও কোমলের একসঙ্গে ঘোরাফেরা প্রসঙ্গে আরও কড়া মন্তব্য করেন সুনীতা। তার ভাষায়, মেয়ের বয়সী একজনকে নিয়ে এভাবে ঘোরাফেরা করা নিয়ে গোবিন্দর আরও সচেতন হওয়া উচিত। এমনকি তিনি কটাক্ষ করে গোবিনদার ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গও টেনে আনেন।

সুনীতা আরও বলেছেন, ‘এটা অত্যন্ত খারাপ, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে!’

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কোমল রানি স্বর্ণকার এখনো বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেননি। তবে গোবিন্দর আসন্ন সিনেমা ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে তার। সিনেমা দুটির প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই গোবিন্দার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গোবিন্দর সঙ্গে কোমলের এই উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে পুরোনো নানা গুঞ্জনও। এর আগেও গোবিন্দার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা।

সম্প্রতি একটি রিয়েলিটি শোয়েও স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। সেখানে সুনীতা জানিয়েছিলেন, গোবিন্দা তাঁর স্বামী এবং তার বিষয়ে অন্য কারও মন্তব্য করার অধিকার নেই।

১৯৮৭ সালে গোবিন্দা ও সুনীতার বিয়ে হয়। তাঁদের দুই সন্তান—টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও দুজনের সম্পর্ক টিকে রয়েছে।

এদিকে পর্দায় গোবিন্দা ও কোমলের জুটি কেমন সাড়া ফেলে, সেটি জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। তবে তার আগেই বিমানবন্দরের একটি ছবি এবং সুনীতার বিস্ফোরক মন্তব্যে বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গোবিন্দ।

Link copied!