হলিউড তারকা ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার, ৯ আগস্ট। তবে এ সময় বাড়িতে ছিলেন না কিম বা তাঁর চার সন্তান।
ক্যালিফোর্নিয়ার হিডেন হিলসে অবস্থিত বাড়িটির মূল্য বর্তমানে প্রায় ৬০ মিলিয়ন ডলার (প্রায় ৭৪০ কোটি টাকা) বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাড়িটিতে এখন বড় ধরনের সংস্কারকাজ চলছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেলে পুলিশ কিমের বাড়িতে পৌঁছায়। এর আগে এক নিরাপত্তাকর্মী সন্দেহভাজন এক ব্যক্তিকে বাড়ির ভেতর থেকে কিছু জিনিস বের করে একটি গাড়িতে তুলতে দেখেছিলেন। এরপর ওই ব্যক্তি বাড়ির এক কর্মীর গাড়িতে উঠে আশপাশের এলাকায় ঘোরাঘুরি শুরু করেন বলে অভিযোগ।
নিরাপত্তাকর্মী তখন জরুরি নম্বরে ফোন করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় কেউ আহত হননি। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে কোনো অস্ত্রও পাওয়া যায়নি।
তবে ঘটনার পর কিমের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছেন। তাঁদের দাবি, ওই ব্যক্তি বাড়ির মূল অংশে ঢুকতে পারেননি। এমনকি সংস্কারকাজ চলা বাড়িটিতে কিমের কোনো ব্যক্তিগত জিনিসপত্রও রাখা ছিল না।
কিম কার্ডাশিয়ান এবং তাঁর সন্তান—নর্থ (১৩), সেন্ট (১০), শিকাগো (৮) ও স্যাম (৭) বর্তমানে ওই বাড়িতে থাকছেন না। কয়েক মাস ধরে তাঁরা একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা মূল বাড়িতে ফিরছেন না।
এ কারণে চুরির চেষ্টার সময় বাড়িতে কিম বা তাঁর সন্তানদের কেউ ছিলেন না।
বাড়িটি কিমের জীবনের অন্যতম আলোচিত সম্পত্তি। ২০১৪ সালে তৎকালীন স্বামী, র্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে থাকার সময় তিনি বাড়িটি ২০ মিলিয়ন ডলারে কিনেছিলেন।
পরে ২০১৮ সালে কিমের মা ক্রিস জেনার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের জবাবে দাবি করেছিলেন, বাড়িটির মূল্য প্রায় ৬০ মিলিয়ন ডলার।
কিম ও কানিয়ে ওয়েস্টের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২২ সালে। বিচ্ছেদের পর বাড়িটি নিজের কাছে রাখতে কিম প্রায় ২৩ মিলিয়ন ডলার খরচ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সন্তানদের নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি।
বাড়িতে একের পর এক সংস্কার
বাড়িটির সংস্কার অবশ্য নতুন কিছু নয়। কিম ও কানিয়ে বাড়িটি কেনার পরও ব্যাপক সংস্কার করেছিলেন। সে সময় তাঁদের বাড়ির অন্দরসজ্জা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
বিশেষ করে অত্যন্ত মিনিমালিস্ট নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রশংসা করেছিলেন বাড়িটির সাদামাটা ও আধুনিক নকশার, আবার কেউ সেটিকে অতিরিক্ত ঠান্ডা ও অনাত্মীয় বলে সমালোচনা করেছিলেন।

































