প্রথমবার অস্কারে দুই বাংলাদেশি সিনেমা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৬:০৫ পিএম
প্রথমবার অস্কারে দুই বাংলাদেশি সিনেমা

আগেই জানা গিয়েছিল, ৯৪তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। তবে এবার জানা গেল, ‘গোর’ নামে আরও একটি সিনেমা দেশের প্রতিনিধিত্ব করবে।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে। আর গাজী রাকায়েত পরিচালিত পরিচালিত ‘গোর’ যাচ্ছে সাধারণ ক্যাটাগরিতে।

সরকারি অনুদানের ‘গোর’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘গোর’। যার ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’ আন্তর্জাতিকভাবেও ছবিটি মুক্তি দেওয়ার জন্য এটি দুই ভাষায় নির্মাণ করা হয়। যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিও পেয়েছে।

‘গোর’ অস্কারে যাওয়া প্রসঙ্গে এই নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত বলেন, “সাধারণ বিভাগে ছবি জমা দিতে হলিউডের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিতে হয়। আমরা কিন্তু সেই পরিকল্পনা থেকেই আমেরিকার হলে মুক্তি দিয়েছিলাম। ছবিটির ২১টি প্রদর্শনী হয়েছিল। এ কারণে এটা আমেরিকার অন্য ছবির মতোই সাধারণ বিভাগে যাচ্ছে।”

এদিকে ৯৪তম অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, ‘মাটির ময়না’ দিয়ে অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র পাঠানো শুরু হয়েছিল। বিগত আর কোনও বছর বাংলাদেশ থেকে একসঙ্গে দুটি ছবি অস্কারে যায়নি। যে কারণে এবার বাংলাদেশিদের জন্য বিশেষ খবর বয়ে আনতে পারে চলচ্চিত্র দুটি।

Link copied!