দীর্ঘদিন ধরে অসুস্থ দেশের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে এক মাস ধরে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার আগে প্রায় ছয় মাস ছিলেন আইসিইউতে।
ফারুক এখন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “চার মাস আইসিউতে থাকার পর গত তিন মাস ধরে তিনি কেবিনে থাকছেন। সবার দোয়ায় তিনি আগের চেয়ে ভালো আছেন। অনেক কাজ নিজেই করতে পারছেন। তবে এখনই পুরো সুস্থ বা দেশে ফেরার মতো অবস্থা হয়নি তার। শারীরিক অবস্থার উন্নতি হলেও তার আরও ট্রিটমেন্ট দরকার। সেগুলো চলছে।”
মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।







































