দেশের সংস্কৃতি অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেতা, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের জন্মদিন উপলক্ষে ‘শুভ ৭৫’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
‘তোমারি হউক জয়’ প্রতিপাদ্যে রোববার (৩১ আক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আসাদুজ্জামান নূর জয়ন্তী জাতীয় উদযাপন কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, আহ্বায়ক অনুপম সেন, যুগ্ম আহ্বায়ক রামেন্দু মজুমদার, লেখক আনিসুল হক, চিত্রনায়ক ফেরদৌস, নাট্যজন আতাউর রহমান, সারা যাকের, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, ফেরদৌসী মজুমদার, আবৃত্তিকার হাসান আরিফসহ দেশের প্রথিতযশা সংস্কৃতিকর্মীরা।
আসাদুজ্জামান নূরকে ফুল দিয়ে বরণ করে নেন সম্মিলিত সংস্কৃতি পরিষদের সভাপতি গোলাম কুদ্দুস।
করোনাকালীন সতর্কতাকে নজরে রেখে আয়োজন কমিটির সদস্যরা উপিস্থিত সকল সাংস্কৃতিক অঙ্গনের সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করেন ৷ পরে ‘নুরুলদীনের কথা মনে পড়ে যায়’ নাট্যকাব্যের মধ্য দিয়ে আসাদুজ্জামান নূরকে মঞ্চে নেওয়া হয়। এসময় তার কণ্ঠে উচ্চারিত হয় ‘জাগে বাহে কোনঠে সবাই’ কবিতাংশ। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরকে বাংলা নাটকের “সুবর্ণ নট” অভিধায় ভূষিত করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ।
৩১ অক্টোবর ১৯৪৬ সালে নীলফামারীতে আসাদুজ্জামান নূরের জন্ম। ছাত্রজীবন থেকে রাজনীতি, তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। চাকরিজীবন থেকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে চার দশকের বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন নূর। এই দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈল সংকট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙের ফানুস’ নাটকে। তার অভিনীত সিনেমার মধ্যে ‘আগুনের পরশমনি’, ‘চন্দ্রকথা’, ‘দারুচিনি দ্বীপ’ উল্লেখযোগ্য।
হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় তাঁর অভিনয়-জীবনের সবচেয়ে আলোচিত চরিত্র। এখনো দর্শক তাঁর মধ্যে বাকের ভাইকেই খুঁজে বেড়ান।
আসাদুজ্জামান নূর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে— ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘প্রিয় পদরেখা’ ইত্যাদি। আসাদুজ্জামান নূর তাঁর নিজস্ব কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও অবসর পেলে নাটক-সিনেমা দেখার চেষ্টা করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— শঙ্খনীল কারাগার (১৯৯২) ও আগুনের পরশমণি (১৯৯৪)। সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।




































