ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে কম চর্চা হয় না। তাদের প্রেমটা এমন যে, ধরি মাছ না ছুঁই পানি। একসঙ্গে ঘুরছেন। সময় কাটাচ্ছেন। একে অপরের প্রশংসায় মত্ত অথচ প্রেমের সম্পর্কের কথা স্বীকার করছেন না। যদিও মুখে কিছু না বললেও, তারা চুটিয়ে প্রেম করছেন এটা নিশ্চিত করে বলে দেওয়া যায়।
মাঝখানে তো ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, গোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তারা। তবে এবার শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বাগদান সারতে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। পাপারাজ্জিরা ক্যাটরিনা কাইফের সঙ্গে রোকার গুজবও ছড়িয়েছেন। এ নিয়ে বেজায় বিরক্ত ভিকি। এত দিন কিছু না বললেও এবার মুখ খুললেন তিনি।
সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’। সেই ছবির প্রচারে সাংবাদিকদের খোঁচা দিয়ে ভিকি কৌশল বলেন, “এই খবর আপনাদের বন্ধুরাই ছড়িয়েছে।” এরপর একটু থেমে তিনি ঘোষণা দেন, “খুব তাড়াতাড়িই আমি বাগদান সারব, যখন সঠিক সময় আসবে। এ সময়ও আসবে।”
তবে সেই বাগদান ভিকি কার সঙ্গে সারবেন, এ নিয়ে এখন গুঞ্জন। বলিউডজুড়েই ফিসফাস—ক্যাটরিনাকেই কথা দেবেন ভিকি। কারণ, বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন ভিকি। সেখানে উপস্থিত ছিলেন ভিকির ‘বিশেষ বন্ধু’ ক্যাটারিনা কাইফ। শুধু তা–ই নয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’-এর একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “ভিকি কৌশল খুবই গুণী ও সৎ অভিনেতা।”
প্রসঙ্গত, সালমান খানের প্রেমিকার পরিচয় নিয়েই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর তিনি রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। শোনা গিয়েছিল, তারা নাকি বিয়েও করবেন! কিন্তু তা আর হয়নি। সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। এরপর কিছু দিন সিঙ্গেল থাকার পর ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। এখন দেখার বিষয় তার এই সম্পর্ক কত দিন স্থায়ী হয়!







































