মা দুর্গা দূর কৈলাশ ছেড়ে পিতৃগৃহে এসেছেন ঘোড়ায় চড়ে। উলুধ্বনি, শঙ্খনাদ, ঢাক ও কাঁসর বাদ্যে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিনোদন অঙ্গনের সনাতন ধর্মাবলম্বী তারকারা এই দুর্গোৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন। চলুন জেনে নেওয়া যাক কে, কোথায়, কীভাবে পূজা উদযাপন করবেন—
পূজায় নৌকাবাইচ মিস করেন মীম
সাধারণত পূজার সময় ঢাকাতেই থাকেন বিদ্যা সিনহা মীম। তবে এবার রাজশাহীতে মামার বাড়িতে পূজা করবেন তিনি। মীম বলেন, “পরিবারের সঙ্গেই পূজা কাটাব। ঢাকায় থাকলে তেমন একটা আয়োজন থাকে না। তবে এবার মামার বাড়িতে পূজা করব। তাই হৈ-হুল্লোড় তো হবেই।”
তকে ছোটবেলার পূজার আনন্দ এই বড়বেলায় এসে পান না মীম। আফসোস নিয়ে তিনি বলেন, “এখন পূজায় ছোটবেলার আনন্দ পাওয়া যায় না। এ সময় নৌকাবাইচ দেখতাম আমরা সবাই মিলে। এখন আর দেখা হয় না। সেই দিনগুলো খুব মিস করি।”
মিম জানালেন, পূজায় কটনের সূতি কামিজ ও শাড়ি পরেন। এবারও তাই পরবেন। এছাড়া দেবীর কাছে এবার তার চাওয়া থাকবে, পৃথিবী যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়।
অপুর বিশ্বাসের মন খারাপের পূজা
ঢাকাতেই পূজা করবেন অপু বিশ্বাস। নেই তেমন কোনো পরিকল্পনা। কারণ পূজা এলেই তার মন খারাপ থাকে। মন খারাপের কারণ জানতে চাইলে অপু বলেন, “এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না। মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। মাকে ছাড়া এবার দ্বিতীয় পূজা। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।”
বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও সুযোগ পেলে পূজায় একমাত্র ছেলেকে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরবেন বলে জানালেন তিনি।
পূজায় আগের মতো আনন্দ পান না পূজা
পূজা চেরির ভেতর সেই উৎসবের আনন্দ দোলা দেয় না আজকাল। পূজা জানালেন, তিনি এখন আগের মতো পূজার আনন্দ উপভোগ করেন না। কারণ জানতে চাইলে পূজা বলেন, “ছোটবেলার পূজার আনন্দ বড়বেলায় এসে পাওয়া যায় না। খুলনার গাজীর হাটে আমাদের বাড়িতে পূজা করতাম। বাড়ির সামনে বিশাল বড় মণ্ডপ হতো। পূজার সময় এখন ঢাকাতে থাকি। করোনায় সেভাবে বের হওয়া হয় না।”
পূজার এই সময়টায় শুটিং নিয়ে ব্যস্ত পূজা। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমার শুটিং করছেন জামালপুরের যমুনার চরে। ব্যস্ততার মাঝেও দুটি দিন রাখবেন পূজা উদযাপনে। পূজা বলেন, “পূজার দুই দিন ঢাকায় থাকব। তারপর আবার শুটিংয়ে ফিরব। শাকিব খানের সঙ্গে সিনেমা করছি। এটাই এখন আমার মেইন ফোকাস।”
এদিকে করোনার অস্থির পরিস্থিতে চিন্তিত পূজা। দেবী দুর্গার কাছে তার প্রার্থনা, পৃথিবী থেকে বিদায় নিক করোনাভাইরাস। সব যেন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে।
ডায়েট ভুলে মায়ের রান্না খাবেন মনোজ প্রামাণিক
মনোজ পূজা করবেন বাবা-মার সঙ্গে গ্রামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। মনোজের মা পূজার দিন সবজি, লুচি, মাছ ইত্যাদি রান্না করেন। এগুলো তার প্রিয় খাবার। মায়ের হাতের রান্না ছাড়া পূজার আনন্দটা ঠিক যেন জমেই না তার। এই দিনগুলো ডায়েট-টায়েট একদম ভুলে যান। পূজার সময় পাঞ্জাবি, শার্ট পরতে পছন্দ করেন।
মনোজ প্রামাণিক বলেন, “খুব ছোটবেলায় ঠাকুমা দুই টাকা করে দিতেন আমাদের। সেই টাকা দিয়ে বাজারে গিয়ে এটা সেটা কিনে খেতাম। ঠাকুমা নেই। তার দুই টাকা করে দেওয়াটাকে খুব মিস করি।”
দুর্গা মায়ের কাছে মনোজের চাওয়া, স্বর্গে যেন তার ঠাকুমা ভালো থাকেন। সেই সঙ্গে পৃথিবী থেকে যেন করোনা চলে যায়। নতুন করে হাসুক এই বিশ্ব।





































