ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ জোয়ারে ভাসছে বিশ্ব। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি বিশ্বের ৯০টি দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুধু তাই, নেটফ্লিক্স ইতিহাসের সেরা সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে তৈরি এই থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’-এর পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। গল্পও লিখেছেন তিনি।
অথচ বিশ্ব কাঁপানো এই ‘স্কুইড গেম’-এর গল্প ছিল বাতিলের খাতায়। ‘অবাস্তব ও ভিত্তিহীন’ গল্পের তকমা দিয়ে এই চিত্রনাট্য ১০ বছর ধরে প্রযোজনা সংস্থা, প্রযোজক ও অভিনেতারা প্রত্যাখ্যান করে আসছিলেন। কোরীয় সংবাদমাধ্যম কোরিয়ান টাইমসকে এমন তথ্য জানিয়েছেন হোয়াং দং-হিউক।
হোয়াং দং-হিউক জানিয়েছেন, জাপানি কমিকস এবং অ্যানিমেশন থেকে বছরের পর বছর ধরে অনুপ্রেরণা নিয়ে ২০০৯ সালে তিনি এই গল্প লিখেছিলেন। ২০১৯ সালে গল্প শুনে সিরিজটি নির্মাণে প্রথম আগ্রহ দেখায় নেটফ্লিক্স।
সিরিজের সফলতার পর সম্প্রতি পরিচালকের আর্থিক সংকটে থাকার গল্প অনলাইনে ভাইরাল হয়েছে। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে হোয়াং দং-হিউক জানিয়েছেন, আর্থিক সংকটে থাকার সময়গুলোতে তিনি কমিকস পড়ে ক্যাফেতে সময় কাটাতেন এবং সে জগতে তিনি কীভাবে বেঁচে থাকবেন, তা নিয়ে ভাবতেন।
এমনও হয়েছে আর্থিক সংকটের সময় নিজের ৬৭৫ মার্কিন ডলারের পুরোনো ল্যাপটপও বিক্রি করতে হয়েছে হোয়াং দং-হিউককে।



































