• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

জয়াকে বলেছিলাম, কলকাতায় থেকে যাও: খরাজ মুখার্জী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৫:১৫ পিএম
জয়াকে বলেছিলাম, কলকাতায় থেকে যাও: খরাজ মুখার্জী

কৌতুক ঘরানার চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শক মাতানো অভিনেতা খরাজ মুখার্জী। তবে তিনি কেবল এ ধরনের চরিত্রে আটকে থাকেন না। সিরিয়াস চরিত্রেও দেখা যায় তাকে। সেরকম এক চরিত্রে অভিনয় করতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন এই অভিনেতা। ‘প্রিয়া রে’ শিরোনামের সিনেমাতে অভিনয়ের জন্য তিনি এখন চাঁদপুরে অবস্থান করছেন।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে সংবাদ প্রকাশের সঙ্গে কথা বলেন খরাজ মুখার্জী। জানালেন, তিনি এই ছবিতে ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। খরাজ বলেন, “এ সিনেমায় আমি নায়কের বাবা। যে কি না যুবক বয়সে ডাকাত ছিলো। ডাকাত মানে বিরাট ডাকাত। একে ধরে তো ওকে মারে। ভয়ানক সব কারবার। সেই লোক পড়ন্ত বয়সে এসে চলতে টলতে পারে না। ছেলের উপর ভর দিয়ে চলতে হচ্ছে। বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র। বলতে পারেন যে এমন একটা চরিত্রের অপেক্ষায় ছিলাম আমি। আগে কখনো করা হয়নি। আর পরিচালক পূজনকে আমি আগে থেকেই চিনি। ওর প্রথম সিনেমা এটা। বেশ গুছিয়ে কাজ করছে। ভালো লাগছে খুব কাজ করতে।”

এর আগেই কয়েকটি ঢালিউডের সিনেমায় কাজ করেছেন। তার কাছে বাংলাদেশ ভালোলাগার জায়গা। খরাজের ভাষায়, “এই বাংলাদেশে এলেই উপলব্দি করি যে আমি বাঙালি। আমার ধারণা কলকাতার সবাই এটা ফিল করেন। কারণ কলকাতায় বাংলায় কথা বলছি এটুকু ছাড়া আর কিছুতে কিন্তু বাঙালিয়ানার সেই ভাব বা আচারটা নেই। বাংলাদেশে পা রাখতেই যেটা অনুভব করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে গ্রাম খুব পছন্দ করি। করোনাকালীন পুরো দেড় বছর কাটিয়েছি বীরভূমে আমার গ্রামের বাড়িতে। সেখানে চাষ করেছি, বাগানের ঘাস কেটেছি। একেবারে অন্য একটা জীবন। এখানে এসেও সেটা ফিল হচ্ছে।”

বাংলাদেশের নাটক নিয়মিত দেখেন খরাজ। এদেশের নিশো-মেহজাবীন তার পছন্দের অভিনয়শিল্পী। এছাড়া জয়া আহসানের অভিনয় তাকে মুগ্ধ করে। খরাজ বলেন, “এখানে অনেকেই আছেন তুখোড় অভিনেতা। একটা সময় মনে হতো যে আমি বিরাট একটা কেউ। কিছু জনরায় আমার মতো কেউ নেই। কিন্তু আপনাদের চঞ্চল, মোশাররফ করিমদের দেখে মনে হয় ওরে বাবা, ওরা কি দুর্দান্ত। জয়া আহসানের কথা তো না বললেই নয়। তিনি যখন ‘বিসর্জন’ করলেন অবাক হয়ে গেলাম তার কাজ দেখে। আমার মনে আছে তাকে বলেছিলাম, ‘ওরে দিদিভাই, তোমার পাসপোর্টটা আমায় দিয়ে দাও। তোমাকে আর বাংলাদেশে যেতে দেবো না। জয়া হচ্ছেন জাত শিল্পী। তার সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হয়। নিয়মিত কথা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীদের সঙ্গেও। কি দারুণ অভিনয় করেন তারা। অল্প বাজেটের নাটকে তারা যা করেন সেটা তো অসাধারণ। কলকাতাতেও তারা ভীষণ জনপ্রিয়।”

সুযোগ পেলেই বাংলাদেশের ছবিতে নিয়মিত অভিনয় করতে চান খরাজ। তার মতে, এখানকার সিনেমা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সেই উন্নয়নের অংশ হতে চান তিনি।

Link copied!