অবশেষে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ভারতীয় দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। কিছুদিন ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছিল নেট দুনিয়ায়। এবার তারা এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
শনিবার (২ অক্টোবর) টুইটারে নাগা একটি বিবৃতিতে লিখেছেন, “অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী-স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের এক দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল ছিল। আশা করছি এটিই আমাদের বন্ধন টিকিয়ে রাখবে।”
এই অভিনেতা আরও লিখেছেন, “এই কঠিন সময়ে সহযোগিতার ও প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও মিডিয়াকে ধন্যবাদ। আমাদের এগিয়ে যেতে হবে।”
ভারতীয় গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দক্ষিণি এই ডিভার বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল। সপ্তাহখানেক আগে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছিল, এই দম্পতির মধ্যে দুই পরিবারের সমঝোতার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নাগা চৈতন্য বাবা-মায়ের সঙ্গে থাকার জন্য সামান্থার সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেখান থেকে বেরিয়ে গেছেন।
২০১৭ সালের ৭ অক্টোবর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি।
তেলেগু ভাষার দ্বিতীয় পঠিত দৈনিক সাক্ষী পোস্টের খবর, কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এরপর থেকে সামান্থা ও তার স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়।







































