মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের পর পরীমনিকে তার ফ্ল্যাট মালিক বাসা ছাড়ায় নোটিশ দেয়। ওই ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে বাসা ছেড়ে দিতে বলা হয় তাকে। পরী এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই জানালেন এই আলোচিত অভিনেত্রী। তবে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। সেই ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তিও জুড়ে দিয়েছেন তিনি। ইংরেজিতে লেখা ওই ক্যাপশনের বাংলা তরজমা করলে দাঁড়ায়, “যে জীবন যাপন করছ, তা ভালোবাসো, যেভাবে জীবন যাপন করতে ভালোবাসো, সেভাবে বাঁচো।”
যে বাসায় পরী ছবি তুলেছেন ধারণা করা হচ্ছে সেটি পরীর নতুন বাসা। সংগত কারণেই বাসার ঠিকানা প্রকাশ করছেন না পরী কিংবা তার ঘনিষ্ঠরা।

এর আগে ২৭ দিন কারাভোগ শেষে ১ সেপ্টেম্বর জামিন পান পরীমনি। জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফেরেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী। এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমার কাজ শুরু করবেন খুব শিগগিরই। হাতে আছে রাশীদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।



































