দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ: শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ১২:১৩ পিএম
দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ: শাকিব খান

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। মাত্র ২৪ বছর বয়সে তিনি আনন্দলোক থেকে অনন্তলোকের পথে পাড়ি জমান। বেঁচে থাকলে এই অভিনেতা ৫১ বছরে পা দিতেন।

সালমান শাহর জন্মদিনে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করলেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি লেখেন, “দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫১ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।”

তিনি আরও লেখেন, “বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে।”

প্রয়াত সালমান শাহকে নিয়ে এই নায়ক লেখেন, “অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।”

শাকিব খানের মতে, একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।

ব্যক্তিগতভাবে সালমান শাহর বড় ভক্ত শাকিব খান। তার থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমায় এসেছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।  

Link copied!