জাতীয় শোক দিবসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুমতি নিয়ে বিজ্ঞাপনের শুটিং করছিলেন মোশাররফ করিম। পরিচালক ছিলেন অনম বিশ্বাস। কিন্তু বাধ সাধে চলচ্চিত্র শিল্পী সমিতি। শোক দিবসে শুটিং করা যাবে না—এমন কারণ দেখিয়ে এফডিসি থেকে শুটিং বন্ধ করতে বাধ্য করা হয়।
বিষয়টি নিয়ে কথা হয় অনম বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, শোক দিবসে শুটিং করা যাবে না এমন কোনো নির্দেশনা তিনি এফডিসি কতৃপক্ষ থেকে পাননি।
অনম বিশ্বাস বলেন, “আমরা অনুমতি নিয়েই শুটিং করছিলাম শোক দিবসে। আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে, এই দিনে শুটিং করা যাবে না। নির্দেশনা পেলে নিশ্চয়ই আমরা শুটিং করতাম না। আমাদের যখন শুটিং বন্ধ করতে বলা হলো, তখনই আমরা বন্ধ করে বেরিয়ে এসেছি। বাড়তি কোনো কথা বলিনি। তাছাড়া বিষয়টি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। আজ দ্বিতীয় দিনে শুটিং করছি।”
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন, তাদের বের করে দেওয়া হয়নি। শুটিং বন্ধের অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, “শুটিং বন্ধ করতে আমি বলিনি। এটা শিল্পী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে। তাদের কাছে অনুরোধ করা হয়েছে শোক দিবসে যেন শুটিং না রাখেন। এই জন্য শিল্পী সমিতির সিনিয়র নেতারা এফডিসির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, শোক দিবসে যেন তারা শুটিং না রাখেন। এর পরিবর্তে যারা এদিন শুটিং করছিলেন তারা যেন পরদিন শুটিং করেন। এ ক্ষেত্রে তাদের কাছ থেকে এফডিসিকে ভাড়া না রাখার অনুরোধও জানানো হয়েছে। তারা এটা মেনে নিয়েছেন।”
জায়েদ খান মনে করেন, জাতীয় শোক দিবসে শুটিং দুঃখজনক ঘটনা। বঙ্গবন্ধুর সম্মানেই সবার শুটিং বন্ধ রাখা উচিত ছিল।

































