রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জানুয়ারিতে জঙ্গি হামলা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এবার এই কাহিনি নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘ফারাজ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন হানসাল মেহতা। আর প্রযোজনা করছে প্রযোজনা করছে বলিউডের প্রথম সারির প্রতিষ্ঠান টি সিরিজ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। ৩০ সেকেন্ডের এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক।
‘ফারাজ’ প্রসঙ্গে পরিচালক হাসনাল মেহতা বলেন, “সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এই গল্প তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।”
সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে এই তরুণের। আরও রয়েছেন শক্তিমান অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল।
এদিকে ভাইকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তোমাকে নিয়ে আমরা গর্বিত। বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।

































