হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:০৭ পিএম
হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতি

জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হককে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুর্শিদুল আলম। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে এদিন আদালতে আসামিপক্ষের কোনো আবেদন ছিল না।

এদিকে আদালত থেকে বেরিয়ে মাথার হেলমেট তুলে অঝোরে কাঁদতে থাকেন জ্যোতি। বলেন— ‘আমি অনেক অসুস্থ। আমাকে ইনসুলিন নিতে হয়। কিন্তু আমাকে ইনসুলিন নিতে দেওয়া হয়নি৷ আমার পরিবারের সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেদিন তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

পরে শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে মামলা করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়।

মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীর বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

Link copied!