মোহভঙ্গ শ্রাবন্তীর চ্যাটার্জির। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়লেন তিনি। চলতি বছর সবাইকে চমকে দিয়ে ১ মার্চ দলটিতে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম থেকে প্রার্থীও হয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু হেরে যান তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
বিজেপি দলত্যাগের খবরটি শ্রাবন্তী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। সেখানে তিনি লিখেছেন, “যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।”
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সমাবেশে গত সোমবার রুপাঞ্জনার মিত্রের মতো আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তার অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না দিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চাননি। যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনো মন্তব্য করেননি।
বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর আরও একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাটি হলো—পদ্ম ছেড়ে শ্রাবন্তীর নয়া গন্তব্য কি জোড়াফুল? দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি যে টুইট করেছেন তাতে বিজেপিকে বাংলার উন্নয়নের প্রশ্নে দোষ দেওয়ার পর সেই জল্পনা আরও বেড়ে গেল।



































