‍‍`না‍‍` ভোটের পক্ষে ন্যান্সি, তারকাদের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:২৪ পিএম
‍‍`না‍‍` ভোটের পক্ষে ন্যান্সি, তারকাদের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে যখন 'হ্যাঁ' ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি 'না' ভোটের পক্ষে।

 

ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন ন্যান্সি। তবে বরাবরই স্পষ্টভাষী এই গায়িকা এসব গায়ে মাখতে নারাজ। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ন্যান্সি জানান, গত কয়েক বছরে তার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, বাতিল হয়েছে বহু কনসার্ট; তবুও তিনি ভেঙে পড়েননি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাবও ন্যান্সির মতোই 'না' ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

 

শোবিজ তারকারা যখন এমপি-মন্ত্রী হওয়ার ইঁদুর দৌড়ে ব্যস্ত, তখন ন্যান্সি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, "শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানি আসে না? যারা টাকার লোভে এসব করে তাদের ধরা উচিত।"

ন্যান্সি সাফ জানিয়ে দেন, এখনই নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে ভোটারদের প্রতি তার আহ্বান, "তারকা দেখলেই ভোট দেবেন না। যারা বাকস্বাধীনতা হরণ, গুম ও দুর্নীতি করেছে, তাদের বিষয়টি মাথায় রাখুন।"

 

রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তারকাদেরই কেবল জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। ন্যান্সির এই মন্তব্য শোবিজ জগতে রাজনীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তার এই সাহসী অবস্থান এবং তারকাদের রাজনীতিতে প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন অনেকে তার সততা ও সাহসের প্রশংসা করছেন, অন্যদিকে কেউ কেউ তার অবস্থানের সমালোচনাও করছেন।

আগামীকাল নির্বাচনের দিন দেখা যাবে ভোটাররা গণভোটে 'হ্যাঁ' না 'না'—কোন দিকে ঝুঁকছেন।

Link copied!