দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:৪০ পিএম
দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির দীর্ঘ বিরতি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। টানা ১৬ দিনের অবকাশ শেষে রোববার (৭ জুন) থেকে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে নিয়মিত পাঠদান কার্যক্রম।

দীর্ঘ ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফিরছে শ্রেণিকক্ষে, আর শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠছে শিক্ষা ক্যাম্পাসগুলো।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল। নির্ধারিত সেই অবকাশ শেষ হওয়ায় আজ থেকে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

একই সঙ্গে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়েও ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকায় কয়েকটি প্রতিষ্ঠানে আগামী সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে খুলছে না। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি আরও কয়েকদিন বহাল থাকবে। এসব প্রতিষ্ঠানে আগামী ১১ জুন পর্যন্ত অবকাশ চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গরম আবহাওয়া ও তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন তারা।

নতুন উদ্যমে পাঠদান শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরে আসার প্রত্যাশা দেখা যাচ্ছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!