ক্যাম্পাসের মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি ওয়ালেট ছিনিয়ে নেয় ছিনতাইকারী।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ সামিরা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইরা। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
ভুক্তভোগী ইসরাত জাহান ইরা বলেন, “বৃহস্পতিবার বিকেলে আমি ও আমার বান্ধবী সামিরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পেছনে গিয়ে ছবি তুলছিলাম। তখন সেখানে একজন অপরিচিত ছেলে বসে সিগারেট খাচ্ছিল। তাকে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী ভাবি। দুই মিনিট ছবি তুলে ফেরার পথে সময় সে চাপাতি হাতে আমাদের সামনে এসে দাঁড়ায়। পরে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করে। এ সময় আমাদের হাতে থাকা দুটি মোবাইল এবং দুটি পার্স নিয়ে নেয়। মোবাইল দিতে না চাওয়ায় সে চাপাতি হাতে আমাদের মারতে উদ্ধত হয় ও জঙ্গলের ভেতরে নেওয়ার চেষ্টা করে। তখন আমরা দৌড়ে পালিয়ে আসি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, “নিরাপত্তারক্ষী আমাকে তৎক্ষণাৎ বিষয়টি জানিয়েছে। আমি তখনই তাদের বলেছি ভুক্তভোগীদের কাছ থেকে ছিনতাইকারীর বিবরণ জেনে কোড আইডেন্টিফাই করতে এবং ক্যাম্পাসের ফটকে সেই অনুযায়ী অনুসন্ধান করতে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”






































