কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা।
পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
এদিকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।







































