যশোরের বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার বেসরকারী একটি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলাবোঝাই ১০টি ট্রাক পুড়ে গেছে।
রোববার (৭ নভেম্বর) দিবাগত রাত ২ টায় পেট্রাপোল বন্দরের জয়ন্তিপুর লক্ষী পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা এসব ট্রাকে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বনগাঁ ও গোবরাডাংগা থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারণে এসব ট্রাক বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি পণ্য নিয়ে বেসরকারী পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন লাগে। তবে এসব পার্কিংয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আমদানি পল্যসহ ট্রাক পুড়ে যায়। এতে বাংলাদেশি আমদানিকারকেরা সবচেয়ে বেশি ধরনের লোকশানের মুখে পড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় আশেপাশের এলাকায় বেসরকারী পার্কিংয়ে আমদানি পণ্য নিয়ে ট্রাক প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নাই। তাই আগুন লাগার পর পরই ট্রাকসহ আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বন্দরের নিজস্ব পার্কিংয়ে থাকলে হয়তো এ দূর্ঘটনা ঘটতো না।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, “বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারত অংশে একটি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ১০টি তুলার ট্রাকে আগুন লেগে পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।”





































