সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৯:৪৬ এএম
সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ছামিরা ঘোনায় আলাউদ্দিন নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মোহাম্মদ লেদুর ছেলে।

জানা গেছে, আলাউদ্দিনকে নোনাছড়ি ব্রিজে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে চকরিয়া দরবেশ কাটায় সে মারা গেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। এ ঘটনার পরে ছামিরা ঘোনা এলাকায় প্রতিপক্ষের বসতবাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, জিয়া বাহিনীর লোকজন আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!