পূর্ণিমা চাকমার মৃত্যুর বিচার চায় তার বাবা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০১:২৮ পিএম
পূর্ণিমা চাকমার মৃত্যুর বিচার চায় তার বাবা

পূর্ণিমা চাকমার মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন তার বাবা সাধন চাকমা। এ সময় জুড়াইছড়ি উপজেলাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

সোমবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি হয়। পূর্ণিমা চাকমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মানববন্ধনে নিহত পূর্ণিমা চাকমার বাবা সাধন চাকমা বলেন, “পূর্ণিমার মৃত্যুটি একটি পরিকল্পিত হত্যা। একজন বা একাধিক ব্যক্তি মিলে ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।”

গত ২৯ অক্টোবর শুক্রবার রাঙামাটিতে কলেজছাত্রী পূর্ণিমা চাকমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

পূর্ণিমার বাবা অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে ঘটনার ধামাচাপা দিতে আবারও চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, যা থেকে সবাই ভাববে পূর্ণিমা চাকমা আত্মতহত্যা করেছে। ময়নাতদন্ত করে সত্য ঘটনা উন্মোচনের জোর দাবি জানাই।”

মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানান সাধন চাকমা।

Link copied!