আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০, গুলিবিদ্ধ ১


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:৫১ পিএম
আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০, গুলিবিদ্ধ ১

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছে। 

শনিবার (৩০ অক্টাবর) রাতে পৌরশহরের রিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ মো. সজীবকে (১৯) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সজিব ওই ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির প্যাদার ছেলে।

পুলিশ জানায়, ৬ নম্বর ওয়ার্ডে ঘোড়া প্রতীকের সমর্থকদের আধিপত্য বেশি। শনিবার রাতে নৌকার সমর্থকেরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন।

রাত সাড়ে ১০টার দিকে নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়।

আহত সজিব বলেন, “সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের উপস্থিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন (৪৬) গুলি ছোড়েন। এতে আমি গুলিবিদ্ধ হই।”

অভিযুক্ত শাহাবুদ্দিন আকন অভিযোগ অস্বীকার করে বলেন,“সংঘর্ষের বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার বাসায় অবস্থান করেছিলাম।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “গুলি ছোড়ার বিষয়টি সত্য না। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। যা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!