গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদের দুজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন দুজন।১০৪ বেডের বিপরীতে মোট ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী।
হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসেই এই পর্যন্ত মারা গেছেন ৯৮ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১২ জনের। হাসপাতালের তথ্য অনুযায়ী, সেখানে করোনায় আক্রান্তের হার ০১.৮১ শতাংশ।
এদিকে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭। এর মধ্যে ঢাকায় ৪ ও চট্টগ্রামে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু নেই। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


































