কুমিল্লায় হামলার পরিকল্পনা লন্ডন থেকে হয়েছে : তথ্যমন্ত্রী


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৫:১৯ পিএম
কুমিল্লায় হামলার পরিকল্পনা লন্ডন থেকে হয়েছে : তথ্যমন্ত্রী

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার মূল পরিকল্পনা লন্ডন থেকে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার মূল পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে। দীর্ঘ এক মাস প্রকাশ্যে বৈঠক ও গোপনে ষড়যন্ত্র করে বিএনপি এই ঘৃণ্য কাজ সংঘটিত করেছে।”

হাছান মাহমুদ আরও বলেন, “স্বাধীনতার সময়ে যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়নি, যারা সরকারের সফলতাকে মেনে নিতে পারে না, তারাই দেশের শান্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে। পদ্মা সেতুতে নরবলির গুজব, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের বিপক্ষে প্রচারণাকারী এবং বর্তমানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় তারাই জড়িত।”

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অর্থনৈতিক, সামাজিক সকল সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

টেলিভিশনে বিদেশি চ্যানেল ক্লিনফিডের মাধ্যমে দেখানো নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বহু প্রতিবন্ধকতা স্বত্ত্বেও ১৭ বছর পর দেশের ৯৯ দশমিক ৯৯ শতাংশ এলাকায় সরকার ক্লিন ফিডে বিদেশি চ্যানেল সম্প্রচার করতে ক্যাবল অপরেটরদের বাধ্য করেছে। এরপরও যদি কোনো স্থানে নির্দেশের ব্যত্যয় ঘটে তাহলে যে-কেউ মন্ত্রণালয়, কিংবা স্থানীয় তথ্য অফিস এবং প্রশাসনের কাছে অভিযোগ জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সকালে বিমানযোগে তথ্যমন্ত্রী রাজশাহীতে পৌঁছে বাংলাদেশ টেলিভিশন রাজশাহী কার্যালয় পরিদর্শনে যান। আগামী এক বছরের মধ্যে রাজশাহী থেকে বাংলাদেশ টেলিভিশনের স্থানীয় সম্প্রচার শুরু সম্ভব হবে বলে আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী।

সার্কিট হাউজের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Link copied!