দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে জয়পুরহাটে মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জয়পুরহাট।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে সেখানে অংশ নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন এলাকায় উগ্র মৌলবাদী গোষ্ঠী সহিংসতা চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে প্রচেষ্টা চালিয়ে আসছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল চত্বরে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএমএ’র জেলা শাখার সহ-সভাপতি ডা. এ এস এম এহসানুল হক রাসেল, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জোবায়ের গালিব, যুগ্ম সম্পাদক ডা. তুলসী চন্দ্র রায়, ডা. মশিউর রহমান, ডা. মুবিনুল ইসলামসহ আরো অনেকে।
মানববন্ধন কর্মসূচিতে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে মিলিত হয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।







































