জামালপুরের বকশীগঞ্জে আটক জামায়াতের ১৪ নেতাকর্মীকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়, এরআগে বুধবার (২০ অক্টোবর) রাতে আটক করা হয়েছে।
তাদের মধ্যে জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হক সাইদী ও উপজেলা জামায়াতের আমির আদেল ইবনে আওয়ালও রয়েছেন।
জানা যায়, নাজমুল হক সাইদী এবং আদেল ইবনে আওয়ালের নেতৃত্বে বিভিন্ন জেলা ও উপজেলার বেশ কিছু জামায়াতের নেতাকর্মী বুধবার (২০ অক্টোবর) বকশীগঞ্জের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে। বৈঠকে সরকার বিরোধী ও নাশকতামূলক নানা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার সন্ধ্যায় ওই দুইজনসহ ১৪জনকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় জহুরুল হক মেম্বার বাড়ী জামে মসজিদ থেকে আটক করে। রাতেই ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।






































