গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম বালু চরের কাশবনে বেড়াতে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় এলাকা থেকে প্রেমিক মাহবুব রহমান (২১) ও তার বন্ধু পলাশ মিয়াকে(২০) গ্রেপ্তার করে পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাইবান্ধা জেলা শহরের এক কিশোরীর সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মাহবুব তার বন্ধু পলাশকে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। পরে মেয়েটিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরের কাশবনে নিয়ে দুই বন্ধু ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।”
ওসি কাওসার আলী আরও বলেন, “ঘটনাটি প্রথমে গোপন থাকলেও রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে রাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে নেওয়া হবে।”


































