নোয়াখালীর চৌমুহনীতে একাধিক পূজামণ্ডপে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে হিন্দুবাড়িতে হামলার খবরও পাওয়া গেছে।
নোয়াখালী থেকে সংবাদ প্রকাশের প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর হাজারখানেক দুর্বৃত্ত চৌমুহনী শহরের বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং প্রতিমা ভাঙচুর করে। এছাড়া স্থানীয় হিন্দুবাড়িতে হামলার খবরও পাওয়া গেছে।
বেগমগঞ্জের ইউএনও গণমাধ্যমকে জানান, মিছিলকারীরা এখানে এখনো ভাঙচুর চালাচ্ছে। জুমার নামাজ শেষে তারা মিছিল বের করে ও ভাঙচুর চালায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুলিশ সুপার (এসপি) শহিদুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।


































