• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

লামায় দুর্গা মণ্ডপে হামলা ও ভাঙচুর


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৩:২৭ পিএম
লামায় দুর্গা মণ্ডপে হামলা ও ভাঙচুর

বান্দারবানের লামায় একটি দুর্গা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লামা কেন্দ্রীয় মন্দিরে হামলার ঘটনাটি ঘটে। সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাবেদ কায়সার।

সূত্র জানায়, কুমিল্লা পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে লামা উপজেলা কার্যালয়ের সামনে লামা উপজেলা সর্বস্তরের তৌহিদ জনতার ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি লামা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে উৎসুক জনতা মন্দিরের দিকে ইট পাথর ছুঁড়ে ও মন্দিরের সামনে থাকা প্যান্ডেল ভাঙচুর করে।

এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলতে থাকে। এই ঘটনায় লামা থানার ওসিসহ কয়েকজন আহত হন। আহতদের লামা সরকারি হাসপাতালে ও আলিঙ্গন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী অর্ধশত ফাঁকা গুলি (টিয়ারশেল ও রাবার বুলেট) নিক্ষেপ করে। তাছাড়া লামা উপজেলায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

লামার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাবেদ কায়সার জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। তবে কিছুটা স্বাভাবিক অবস্থা পর্যায়ে রয়েছে।

Link copied!