কুলিয়ারচরের কলাক্ষেতে মিলল এক ব্যক্তির লাশ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৭:৫৫ পিএম
কুলিয়ারচরের কলাক্ষেতে মিলল এক ব্যক্তির লাশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কলাক্ষেতে মিলল আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ সালুয়া গ্রামের ফয়েজ উদ্দিনের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আমির হোসেন নরসিংদী জেলার বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ছলমা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। তিনি অস্ত্র আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

এছাড়া আমির হোসেনের বিরুদ্ধে বেলাবসহ আশেপাশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে   বলে জানায় পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ (মঙ্গলবার) সকালে জেলার কুলিয়ারচর উপজেলা সালুয়া ইউনিয়নের সাহাবাড়ী পুকুরের পশ্চিম দিকে ফয়েজ উদ্দিনের কলাবাগানে অজ্ঞান এক ব্যক্তির (৫০) লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল রিপোর্ট তৈরি করে। পরে ওই লাশের ছবি তুলে আশে পাশের থানাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেয়।

ওই ছবি দেখে নরসিংদীর বেলাব থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ মৃত ব্যক্তি তার থানা এলাকার কুখ্যাত ডাকাত আমির হোসেনের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে মৃতের ভাই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে তার ভাই বলে শনাক্ত করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

Link copied!