মাগুরায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইন্তল বকশি (৩০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরকার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইন্তল বকশি মাগুরা সদর এর কছুন্দি ইউনিয়নের আড়পাড়া গ্রামের বিষ্ণুপদ বকশির ছেলে।
স্থানীয় হাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুলিয়া রহমান জানান, নিহত ইন্তল বকশি তার বড় বোনকে কর্মস্থল ঝিনাইদহের গাড়াগঞ্জের রেখে মাগুরায় ফেরার পথে দরগা গেট এলাকাতে মিনি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে পিলারে আঘাত লাগলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুলিয়া রহমান আরো জানান, মিনি ট্রাক টিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




































